প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তিনি সেনানিবাসে অবস্থিত এ গুরুত্বপূর্ণ দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস পরিচালনা করেন, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন তিনি। দেশের সার্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।