সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিতে পারবে না এবং একটিমাত্র টাকার বেশি নেওয়ার সুযোগও নেই।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, গত সাত দিনে কোনো বাস যাত্রীদের থেকে সরকারি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করছে না। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “যাত্রী চাপ থাকলেও এবার মানুষ স্বস্তি ও নিরাপদ ঈদযাত্রা উপভোগ করবেন। নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই।”
মন্ত্রী আরও বলেন, সরকার গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করেছে। তেলের দাম বাড়ছে না এবং সড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে পারবে না। পাশাপাশি ২৪ ঘণ্টা মনিটরিং টিম সক্রিয় রয়েছে।
শেখ রবিউল আলমের নির্দেশ, গাড়ি মালিক ও চালকদের নির্ধারিত ভাড়া মেনে চলা বাধ্যতামূলক। সরকারের লক্ষ্য, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং যেন কোনো ধরনের অতিরিক্ত ভাড়া বা অপ্রয়োজনীয় অসুবিধার সম্মুখীন না হতে হয়।