সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং জনসচেতনতামূলক বার্তাকে স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, ত্রিমাত্রিক বা অন্য যেকোনো আঙ্গিকে, ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্রে নির্দেশনাটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, এটি অনতিবিলম্বে কার্যকর হবে।