সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফাঁসির মাধ্যমে তাদের দণ্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত বছরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরে ৭ ও ৮ জানুয়ারি তা তীব্র বিক্ষোভে রূপ নেয়। ওই সময় আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে। এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হয়।
ইরান সরকারের অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি ইস্ফাহানের ওই সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। একই ঘটনায় অংশ নেওয়ার অভিযোগে ইস্ফাহানে মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর রক্তক্ষয়ী হামলা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বোমা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তিদের মরদেহে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে এইচআরএএনএ দাবি করেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আইনজীবীদের মামলার নথিতে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেওয়া হয়নি। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদের কাছেও আদালতের পূর্ণাঙ্গ রায় উপস্থাপন করা হয়নি বলে সংস্থাটি জানিয়েছে।