বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর কিছুটা স্থবির হয়ে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’
একই ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন কি না এবং এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।’