Skip to main content

Ridge Bangla

সমুদ্রে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মার্চ বিকেলে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর একটি দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি ও এর আরোহীদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। কয়েক দিনের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে তারা চরম দুর্ভোগে পড়েন।

উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা তাদের সেন্টমার্টিনে অবস্থিত ফরোয়ার্ড বেইজে নিয়ে যান। সেখানে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ ও নিরাপদ রয়েছেন এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন