যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার জারি করা ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে বদলিপূর্বক প্রেষণে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্ব অনুযায়ী তিনি সমবায় অধিদপ্তরের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সমবায় খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সমবায় খাতকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন মহাপরিচালকের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা করছে।