Ridge Bangla

সমঝোতার পর ৫ দিনে ১.৫ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সইয়ের পর ৫ দিনের মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ইরান।

শনিবার (২০ জুন) বৈশ্বিক সমুদ্র চলাচল ও তেল ট্যাংকার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালি ব্যবহার করে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে পাঠিয়েছে তেহরান।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যেই দেশটির একাধিক তেলবাহী ট্যাংকার সফলভাবে ওমান সাগর অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতে আরও কয়েকটি বড় ট্যাংকার যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

গত বুধবার দুই দেশের মধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা চুক্তির খসড়া অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইরানের ওপর আরোপিত দীর্ঘদিনের মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই অবরোধ প্রত্যাহারের বিনিময়ে ওয়াশিংটনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পারস্য ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও শুল্কমুক্ত চলাচল নিশ্চিত করছে ইরান।

This post was viewed: 3

আরো পড়ুন