Ridge Bangla

সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

ছোটখাটো সমস্যা দূরে রেখে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। বিগত শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার কর্মী খুন হয়েছেন, আর অনেকে গুমের শিকার হয়েছেন। কিন্তু বাংলাদেশবাসী আজ একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র চায়, যা কোনো বিদেশি প্রভাব নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে নয়া দিগন্ত-এর সাংবাদিকদের ওপরও ছিল দমন-পীড়নের ভয়াবহ ছায়া। তবুও তারা সত্য ও গণমানুষের পক্ষে কাজ করেছেন। এ সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি স্মরণ করেন, ১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করতে বাধ্য হন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

মির্জা ফখরুল শেষে বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

This post was viewed: 115

আরো পড়ুন