দেশের বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচারিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং প্রাসঙ্গিক প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি ব্যবহারে সাশ্রয় সাধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন বেঞ্চ অফিসারকে নিজ নিজ ই-মেইল, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ হাইকোর্টের আইটি শাখায় উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ অবকাশ শেষে রোববার থেকেই সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।