ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিরহাট এলাকায় একটি মোড় ঘোরার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। ফলে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।