Ridge Bangla

সকাল ৯টায় অফিসে উপস্থিতি বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকছেন না। এতে জনসেবা ব্যাহত হচ্ছে এবং দাপ্তরিক কাজে গতি কমছে।

এ পরিস্থিতি বিবেচনায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। দাপ্তরিক কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এ সময় বিঘ্ন না ঘটে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়া বাধ্যতামূলক।

তবে শিক্ষক ও অনুষদ সদস্য (যারা প্রশাসনিক দায়িত্বে নেই), রোস্টার ডিউটিতে থাকা হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা এ নিয়মের বাইরে থাকবেন। এছাড়া জরুরি গ্রাহকসেবা ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও এ সময়সীমা প্রযোজ্য হবে না।

This post was viewed: 10

আরো পড়ুন