রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে না। একই সঙ্গে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারও নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা না গেলে পাথরশ্রমিকদের মজুরি বৃদ্ধি করা সম্ভব হবে না। তার ভাষ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও তখন বন্ধ করা যাবে না।
তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন। তিনি বলেন, আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন, “সংস্কারের প্রয়োজন নেই”। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, এখনো সময় আছে, ঠিক হয়ে যান।
পরিবারতন্ত্রের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও অভিযোগ করেন।