জাতীয় সংসদের মূল ভবনে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ দিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মনির হোসেন আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।