জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিন সংসদ সচিবালয়ের কার্যক্রম দেখতে সংসদ ভবনে যান। সফরকে আরও স্মরণীয় করে তুলতে তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী।
মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।
সরকারপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা এ আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মধ্যাহ্নভোজের আগে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় আলোকচিত্র ধারণে অংশ নেন এবং সংসদ অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যপ্রণালি সরাসরি দেখার সুযোগ পান।