Ridge Bangla

সংসদ নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাহিনীটির সদস্যরা দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাহিনীর সব পর্যায়ের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার বাহিনীর ৬৭০ শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির বিশাল নেটওয়ার্ক দেশের গ্রাম ও শহরে নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। শিল্পকারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমেরও প্রশংসা করেন।

This post was viewed: 7

আরো পড়ুন