Skip to main content

Ridge Bangla

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশ, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর ভেতরের সব রাস্তা-গলিপথ এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

This post was viewed: 32

আরো পড়ুন