Ridge Bangla

সংসদে এনসিপির ৬ সদস্য একদিন ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁর দল। বর্তমানে সংসদে এনসিপির ৬ জন সদস্য থাকলেও ভবিষ্যতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশা আল্লাহ।’

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে বাগেরহাট জেলা শাখার সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

This post was viewed: 4

আরো পড়ুন