তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর অনুষ্ঠিত সংসদীয় দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ ভবনের নির্ধারিত সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার সিদ্ধান্তও গৃহীত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত সংসদে দলের কার্যক্রম পরিচালনা এবং সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমানই দলের সংসদীয় কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং নির্বাহী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সংসদীয় দলের বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।