Skip to main content

Ridge Bangla

সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও মুদ্রানীতি নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, মুদ্রানীতির লক্ষ্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং দেশের অর্থনীতির বর্তমান অবস্থা তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়।

কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের উপস্থাপনার পর সদস্যরা আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে মতামত দেন।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের আর্থিক খাতের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রম এবং অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে সদস্যরা মতবিনিময় করেন। ভবিষ্যতেও এ ধরনের বিষয়ভিত্তিক উপস্থাপনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

This post was viewed: 7

আরো পড়ুন