Ridge Bangla

সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির বিধান নেই: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সংবিধানের কোনো ধারায় রাষ্ট্রপতির দ্বারা আদেশ জারির বিধান নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “সংবিধান অনুযায়ী এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। রাষ্ট্রপতির কোনো আদেশ জারি করার ক্ষমতা নেই। যদি কোনো আদেশ জারি হয়, তার আইনি মর্যাদা থাকবে কিনা তা এখনও নির্ধারিত হয়নি।”

তিনি বলেন, অতীতের প্রেসিডেন্ট অর্ডার বা ‘পিও’-র সময় রাষ্ট্র এমনভাবে চলত। কিন্তু সংবিধান গৃহীত হওয়ার পর থেকে রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা আর থাকেনি। এখন সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো নির্দেশনা ‘আদেশ’ নামে প্রকাশ করতে পারে, তবে তার আইনি শক্তি থাকবে না।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, জুলাই মাসে স্বাক্ষরিত জাতীয় সনদে বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্টের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সনদের আওতায় দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পায়, তারা সেই নোট অব ডিসেন্ট বাস্তবায়ন করতে পারবে। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে, তাতে নোট অব ডিসেন্টের অংশগুলো অন্তর্ভুক্ত হয়নি। শুধুমাত্র ৪৮টি প্রস্তাবের ওপর গণভোটের প্রস্তাব রাখা হয়েছে।”

গণভোট ইস্যুতে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার প্রস্তাবে আমরা রাজি ছিলাম এবং সেই অবস্থান এখনো বজায় আছে।” তবে, তিনি সতর্ক করে বলেন, “সনদের বাইরে কোনো নতুন সিদ্ধান্ত নিলে স্বাক্ষরকারী দলগুলো দায়বদ্ধ নয় এবং তা মানতে বাধ্য নয়। আলোচনার সুযোগ সরকারের আহ্বান থাকলে হতে পারে, কিন্তু তা রাজপথে নয়।”

This post was viewed: 35

আরো পড়ুন