জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ভক্ত–অনুরাগীদের জন্য সুখবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি বাবা হয়েছেন। ইমরান লিখেছেন, “আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিলাহ, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।”
সংগীতশিল্পী তার পোস্টে উল্লেখ করেছেন, স্ত্রী ও মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সুস্থ ও নিরাপদ থাকেন। তিনি জানিয়েছেন, “আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ।” পোস্টে ভক্তরা তাঁর আনন্দে অংশ নিয়ে অভিনন্দন জানিয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা–মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’
ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে তিনি শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন, যা তার কেরিয়ারের যাত্রা শুরু করে।
২০১১ সালে আরফিন রুমির সহযোগিতায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশিত হয়। এরপর থেকে ইমরান গানকেই তার পেশা ও আয়ের প্রধান পথ হিসেবে বেছে নিয়েছেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী আজ দেশের প্রিয় শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন।