দেশের শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এসব বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ ও বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি পায়।
তিনি জানান, শিক্ষা সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং আগামী বছর থেকে সংস্কার কার্যক্রম আরও বিস্তৃত হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের জন্য বিপুলসংখ্যক ট্যাব সরবরাহ, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কর্মসূচি চালু, কারিগরি শিক্ষার প্রসার এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।