শেষ ওভারের অবিশ্বাস্য ব্যাটিং ধসে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ৭ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে টাইগ্রেসদের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।
গতকাল ভারতের মুম্বাইয়ের ড. ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে এই বাঁচা-মরার ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান করে। বাংলাদেশের হয়ে স্পিনার স্বর্ণা আক্তার ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩টি এবং রাবেয়া ৯ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। মারুফা, নিশিতা ও নাহিদা একটি করে উইকেট শিকার করেন।
২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শারমিন আক্তার ও নিগার সুলতানা। দুজনের জুটি থামে ১২৬ রানে, শারমিন (৬৪*) রিটায়ার্ড হার্ট হলে। এরপর স্বর্ণা (১৯) ও নিগারের (৭৭) জুটিতে জয়ের স্বপ্ন দেখলেও এ দুজনের আউটের পরই সব এলোমেলো হয়ে যায়।
শেষ ওভারে নাটকীয়তার জন্ম হয়। শেষ ৬ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৯ রান এবং হাতে ছিল ৫ উইকেট। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক নিগার জ্যোতি। তিনি ৯৮ বলে ৬টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন। চামারি আতাপাত্তুর করা শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিং ধসে মাত্র ১ রান করে বাংলাদেশ, এবং ৪টি উইকেট হারায়। ফলে ১৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
শেষ দুই ওভারে কী যেন কী হয়ে গেল! অবিশ্বাস্য ব্যাটিং ধসের শিকার হয়ে বাঁচা-মরার ম্যাচে হেরে গেল বাংলাদেশ। শেষ ৩ ওভারে ২১ রান দরকার ছিল বাংলাদেশের। ৪৮তম ওভারে ৯ রান তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। কিন্তু ৪৯তম ওভারে ৩ রান নিয়ে ঋতু মনিকে হারায় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে ১২ বলে ১২ রানের সমীকরণটা শেষ ওভারের আগে হয়ে গেল ৬ বলে ৯ রান। তখনো হাতে ৫ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায়।
টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ৪৯তম ওভারেই ম্যাচ শেষ করা উচিত ছিল, কিন্তু পরিকল্পনা থেকে ছিটকে পড়ায় এমন হার হয়েছে। এ প্রসঙ্গে জ্যোতি আরও বলেন, “বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সুযোগগুলো নিতে হবে। আমরা অনেকগুলো ক্যাচ মিস করেছি। ম্যাচ জিততে টিকে থাকতে হয়। এটা মানসিক ব্যাপার, যেটার সমাধান করতে হবে।”
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৮.৪ ওভারে ২০২/১০ (পেরেরা ৮৫, আতাপাত্তু ৪৫, সিলভা ৩৭; স্বর্ণা ৩/২৭, রাবেয়া ২/৩৯)।
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৫/৯ (জ্যোতি ৭৭, শারমিন ৬৪, স্বর্ণা ১৯; আতাপাত্তু ৪/৪২, কুমারি ২/৩৮)।