Ridge Bangla

শ্রীলঙ্কায় দিতওয়া ঘূর্ণিঝড়ে ভয়াবহ বন্যা–ভূমিধস; মৃত ৪১০, নিখোঁজ ৩৩৬

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে দেখা দিয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস। দেশজুড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৪১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিখোঁজ রয়েছেন আরও ৩৩৬ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায়। বিশেষ করে আলওয়াতুগোদা গ্রামে ভূমিধসে ৮৮ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য মিলেছে। এখানেই নিখোঁজের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বিপর্যয়ের মাত্রা বাড়তে থাকায় ২০ হাজারের বেশি মানুষকে ১৭৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে।

সরকারী হিসাব অনুযায়ী, দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শত শত সেনা, নৌবাহিনী ও পুলিশ সদস্য উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার কাজও চলছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বহু বাড়িঘর ভেঙে গেছে, পাহাড়ি এলাকায় রাস্তা ও মাটির স্তর ধসে পড়েছে। ব্যাপক ক্ষতির কারণে অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, ফলে উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারী বর্ষণ ও পাহাড়ি এলাকায় মাটি ধসের ঝুঁকি এখনো রয়ে গেছে।

This post was viewed: 46

আরো পড়ুন