গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এছাড়া আশপাশের আরও কয়েকটি গ্রামেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ঝোড়ো হাওয়ায় বহু গাছ উপড়ে পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গবাদিপশুও আহত হয়েছে। কাঁঠালগাছ ভেঙে মৌসুমি ফলের ক্ষতি হয়েছে। পাশাপাশি পাকা ধানখেত মাটিতে লুটিয়ে পড়েছে এবং শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে।
হয়দেবপুর গ্রামের বাসিন্দা নান্নু মণ্ডল বলেন, আকস্মিক ঝড়ে অনেক গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গ্রামের অধিকাংশ গাছ উপড়ে গেছে।
কাওরাইদ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান জানান, শতাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। গাছ সরিয়ে মেরামত কাজ শেষ করতে সময় লাগবে।