বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামেগঞ্জে গেলেই বোঝা যায় কীভাবে দালালরা সাধারণ মানুষের স্বপ্ন ও সঞ্চয়ের সঙ্গে প্রতারণা করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার প্রসঙ্গ এলেই একটি শব্দ বারবার সামনে আসে- দালাল। এই দালাল চক্র থেকে বেরিয়ে আসার কার্যকর পথ এখনো তৈরি হয়নি। পরিবারের কেউ বিদেশে যাবে- এই আশায় মানুষ ধারদেনা করে, ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়। তিনি বলেন, আমরা অনেক কাজ করছি, তবে সেগুলোর বেশিরভাগই উপরের স্তরে সীমাবদ্ধ। মূল সমস্যার গভীরে এখনো পৌঁছানো যাচ্ছে না।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সমস্যা অত্যন্ত জটিল এবং সমাধানের জন্য যে মাত্রার উদ্যোগ প্রয়োজন, তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকারে আসার আগ থেকেই তিনি বিভিন্নভাবে এই সংকটের সঙ্গে পরিচিত বলেও উল্লেখ করেন। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণ জনশক্তির ঘাটতি রয়েছে, আর বাংলাদেশ হচ্ছে তারুণ্যের এক বিশাল ভাণ্ডার। এই মানবসম্পদ সোনার চেয়েও মূল্যবান। পৃথিবীর বিভিন্ন দেশকে আমাদের কাছেই আসতে হবে, কারণ এত বিপুল তরুণ শ্রমশক্তি অন্য কোথাও নেই।