Ridge Bangla

শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো গড়ে ওঠে এবং অর্থনীতি শক্তিশালী হয়।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এ বাণীতে তিনি দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে ১৮৮৬ সালের হে মার্কেটে শ্রমিকদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার। শ্রমবান্ধব নীতি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে শ্রমিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিভিন্ন কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিতকরণ এবং প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 1

আরো পড়ুন