Skip to main content

Ridge Bangla

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে ছিল সিরিজ-নির্ধারণী ম্যাচ। অর্থাৎ, যে দল ম্যাচ জিতবে, তারাই সিরিজের শিরোপা লাভ করবে। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ।

রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০০ রানের আশা জাগিয়েও ২৯০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের এই লড়াকু সংগ্রহে বড় ভূমিকা রাখেন ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের হতাশা ভুলে দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭টি ছক্কা ও ৬টি চারের মাধ্যমে ১০৭ বলে ১০৭ রান করেন তানজিদ তামিম।

২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতির কাছে হার মানে পাকিস্তানের টপ অর্ডার। সিরিজ-নির্ধারণী ওয়ানডেতে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। একশোর আগেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল তারা।

তবে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে অবিশ্বাস্য লড়াই করেন সালমান আলি আগা। দুর্দান্ত এক সেঞ্চুরি করে পাকিস্তানকে জয়ের বন্দরে প্রায় নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ দিকে হিসেবি ক্রিকেট খেলতে না পারায় তীরে এসে তরী ডোবে পাকিস্তানের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয় সফরকারীরা। এতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১১ রানের জয় পায় স্বাগতিক বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় তারা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৯০/৫, ৫০ ওভার (তানজিদ ১০৭, হৃদয় ৪৮*, রউফ ৩/৫২)।
পাকিস্তান: ২৭৯/১০, ৫০ ওভার (সালমান ১০৬, সাদ ৩৮, তাসকিন ৪/৪৯)।
ফল: বাংলাদেশ ১১ রানে জয়ী।
ম্যাচসেরা: তানজিদ তামিম।
সিরিজসেরা: তানজিদ তামিম ও নাহিদ রানা।
সিরিজ ফল: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।

This post was viewed: 49

আরো পড়ুন