কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন সদস্য।
শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত, যা শুরু হবে সকাল ১০টায়।
তিনি আরও জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা জেলা প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো এলাকা নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করা, কোনো ধরনের ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন না করা এবং ধারালো অস্ত্র সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লে. কর্নেল তৌহিদুল বারী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদ জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।