ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার ও আগের বিরোধকে কেন্দ্র করে কফিল মেম্বার ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক দফার এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৬০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রামে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, পূর্ব বিরোধের কারণেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।