Ridge Bangla

শেরপুরে তেত্রিশ টন সরকারি চাল উদ্ধার, গোডাউন মালিক আটক

শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি তেত্রিশ টন একশ কেজি চালসহ এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন। তিনি শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ষোল লাখ বাইশ হাজার টাকা।

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলি এলাকায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সিলমোহরযুক্ত তেত্রিশ টন চাল উদ্ধার করা হয়।

অভিযানে দেখা যায়, অন্যত্র পাচারের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের পঞ্চাশ কেজি ওজনের পাঁচশ বস্তা এবং ত্রিশ কেজি ওজনের দুইশ সত্তর বস্তাসহ মোট সাতশ সত্তর বস্তায় তেত্রিশ টন একশ কেজি চাল রাখা হয়েছিল।

পরে সদর থানা পুলিশসহ সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম দুই হাজার তেইশ সালের আইনের সংশ্লিষ্ট ধারায় বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুহেল রানা বলেন, উদ্ধার করা চাল গোডাউনে সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো এবং মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন