Skip to main content

Ridge Bangla

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার রায় প্রকাশের পর আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে।

গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সম্পদের সম্পূর্ণ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে বিচার হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা পাঁচটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে- গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা। এর মধ্যে রংপুর, চানখাঁরপুল এবং আশুলিয়া এলাকার তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর গণভবনের বক্তব্য ও অস্ত্র ব্যবহারের নির্দেশনার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

This post was viewed: 90

আরো পড়ুন