সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদপত্রে দেখেছেন। তবে সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না, এখান থেকেই যোগাযোগ করা সম্ভব।
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিন ফোনে কথা বলেছেন- এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোন তথ্য-প্রমাণের ভিত্তিতে কোনো সংবাদমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেছে, সেটি সংশ্লিষ্টদের কাছেই জানতে হবে।
মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের বিরোধী দলের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন তারা এ দাবি করছেন, সেটি তাদের কাছেই জানতে হবে। তিনি বলেন, “বিরোধীপক্ষকে জিজ্ঞেস করেন কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চান। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাদের আছে।” তিনি আশা প্রকাশ করেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে মানুষের মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা বজায় থাকবে।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের আমলে মো. সাহাবুদ্দিন সংবিধান ও বিধিবিধান অনুসারেই দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার (ইমিউনিটি) দায়মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে। দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।”
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী বিবেচিত হবে।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ছয় মাসের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।