Ridge Bangla

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না। শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে।”

তিনি আরও বলেন, “এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।”

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনাও করেন সারোয়ার তুষার। তিনি বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের পক্ষে বক্তব্য দিলেও এখন সেটিকে অবৈধ বলছেন। তার ভাষ্য, “গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

This post was viewed: 5

আরো পড়ুন