ক্ষমতাচ্যুত, পলাতক ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও আইনগত নিষেধাজ্ঞা অনুসরণ করতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর।
শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, “দেশের সকল গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।”
এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণ করা অবস্থায় প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
টেলিভিশন, বেতার, সংবাদপত্র, সংবাদ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের জন্য এ অনুরোধ প্রযোজ্য বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, “সরকার প্রত্যাশা করে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।”