Skip to main content

Ridge Bangla

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানালেন সংসদ সদস্য রেহানা আক্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

রেহানা আক্তার বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যাঁরা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবনটা কালো করে দেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও সংসদে তুলে ধরেন রেহানা আক্তার।

তিনি বলেন, ‘তাঁরা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

আলোচনায় ব্যাংক খাত নিয়েও কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, কয়েকটি ব্যাংকের মালিক ও অর্থ লুটকারীরা ব্যাংকের অর্থ আত্মসাৎ করে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছেন।

তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ ছাড়া সরকারি হাসপাতালের নার্সদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

This post was viewed: 29

আরো পড়ুন