শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে ৮৩ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মামলা জটিলতার কারণে শিক্ষা খাতের বিভিন্ন নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট নিরসনে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
সরকার এ সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে থাকা বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুব শিগগিরই মৌখিক পরীক্ষা শুরু হবে। যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।