দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাখাতে বড় বিনিয়োগের বিকল্প নেই।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সারা বছর শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শিক্ষকতা পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে মেধাবীরা এ পেশায় আগ্রহী হয়।