Ridge Bangla

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া বন্ধের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা দেওয়ার প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দিতে পারবেন না।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানো দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের কষ্ট দেওয়া কোনো সংবর্ধনা গ্রহণযোগ্য হবে না।” তিনি শিক্ষকদেরও সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।”

পরে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক স্থানীয় নেতাকর্মীরা।

This post was viewed: 8

আরো পড়ুন