শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
বন্যার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রীর সমালোচনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজন পরীক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে।
কথোপকথনের একপর্যায়ে পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’
সোমবার (১৩ জুলাই) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি কলেজের একজন ছাত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল শিক্ষামন্ত্রীর। ওই ছাত্রীর অভিভাবক হোয়াটসঅ্যাপে মন্ত্রীকে কল দিয়ে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন। রোববার (১২ জুলাই) রাতে এ কথোপকথন হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ তুলে নিয়ে মিছিল শুরু করেন তারা। নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
পুলিশ সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন।
দুপুরের পর আবারও সায়েন্স ল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তারা।
বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। আসাদ গেট এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে পৌঁছে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।