Skip to main content

Ridge Bangla

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিদ্ধান্তে আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র, দাবি সিজেপির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার আরও একদিন সময় চেয়েছে বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দলটির পক্ষ থেকে এ দাবি করা হয়। এ খবর দিয়েছে নিউজ১৮।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি জানান, প্রতিনিধিদল সরকারের কাছে তাদের সব দাবি তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’

সৌরভ দাস আরও বলেন, ‘নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার পর যারা তাদের সন্তানদের হারিয়েছে, আমরা সেই পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণও দাবি করেছি। পাশাপাশি বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে যেন কোনও এফআইআর বা মামলা দায়ের না করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। যদি ইতোমধ্যে এমন কোনও মামলা নথিভুক্ত করা হয়ে থাকে, তবে তা প্রত্যাহার করতে হবে।’

সিজেপির দাবি, তাদের উত্থাপিত দাবির মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে এখনই সিদ্ধান্ত না নিয়ে আরও সময় চাওয়া হয়েছে বলে জানান সৌরভ দাস। তিনি বলেন, ‘(শিক্ষামন্ত্রী) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে সরকারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার আগামীকাল (শনিবার বিকেল) পর্যন্ত সময় চেয়েছে। যদি পদত্যাগ না হয়, তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।’

যদিও বৈঠকের পর সিজেপি যে দাবিগুলো করেছে, সেগুলোর বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।

শুক্রবার দিল্লির ভিঠাল প্যাটেল হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকার অংশ নেন।

সিজেপির ভাষ্য অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি সরকার মেনে নেওয়ার খবর পাওয়ার পরই তারা আলোচনায় বসতে সম্মত হয়। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো আপস করা হবে না বলেও দলটি স্পষ্ট করেছে।

বৈঠক শেষে জে পি নাড্ডা জানান, প্রায় ২ ঘণ্টার আলোচনায় সিজেপির বিভিন্ন দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারসংক্রান্ত প্রস্তাব নিয়ে মূলত আলোচনা হয়েছে। তিনি বলেন, শনিবারও (২৫ জুলাই) এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

This post was viewed: 20

আরো পড়ুন