রাজধানীর শাহবাগ থানাধীন বিভিন্ন স্থান থেকে এক নারীসহ তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, তিনজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছর। উদ্ধার হওয়া নারীটির বয়স প্রায় ৫৫ বছর, আর দুজন পুরুষের বয়স প্রায় ৪০ বছর করে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “তিনজনের শরীরেই পচন ধরেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই পথবাসী ছিলেন। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ওসি আরও জানান, পৃথকভাবে তিনটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।