Ridge Bangla

শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ৭২০ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করার পর বিমানবন্দর থানার কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই হয়ে চট্টগ্রামে পৌঁছাবে। সেই ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে অভ্যন্তরীণ রুটের আরেক যাত্রী ঢাকায় অবতরণের পর অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন।

এ তথ্য পাওয়ার পর গোয়েন্দা সংস্থা বিমানবন্দরে নজরদারি জোরদার করে। একপর্যায়ে মোহাম্মদ আলাউদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়।

পরে তার কাছে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গুঁড়া অবস্থায় ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন