হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়দায়িত্ব নির্ধারণ করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ শনাক্ত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ড সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে জমা দিতে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।