Ridge Bangla

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান: ভারতীয় হাইকমিশন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এক বিবৃতিতে জিয়াউর রহমানকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাঁর অবদানকে স্মরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণ যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তাঁর ঐতিহাসিক বেতার ঘোষণার কথাও স্মরণ করা প্রয়োজন। সেই আহ্বান দেশের মানুষকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় মুক্তির সংগ্রামে জিয়াউর রহমানের নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, ১৯৭১ সালের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক আত্মত্যাগ, বন্ধুত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন