২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদের কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পেকুয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।