পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবে বরাত মানবজীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিশেষ সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে মহান আল্লাহ তাঁর অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। এ কারণেই শবে বরাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয়।
তিনি বলেন, “এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও নফল নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আত্মসমালোচনা ও খাঁটি তওবার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হয়ে জীবনকে সঠিক পথে পরিচালিত করার সুযোগ রয়েছে এ রাতে।”
তিনি আরও বলেন, পবিত্র শবে বরাত আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি, সহনশীলতা ও নৈতিকতার চর্চা জোরদার করার শিক্ষা দেয়। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে সমাজকে আলোকিত করার আহ্বান জানান তিনি।