পবিত্র শবে-ই বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে তিনি এই শুভ কামনা জানান।
বাণীতে তারেক রহমান উল্লেখ করেন, শাবান মাসের মহিমান্বিত রাত শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রাতকে নাজাত বা মুক্তির রজনী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, শবে বরাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার উন্মুক্ত করে দেন। তাই এই রাতের ফজিলত ও মর্যাদা অপরিসীম।
তিনি আরও বলেন, শবে বরাত পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুল-ভ্রান্তি ও গুনাহের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলের মাধ্যমে তাঁর রহমত ও মাগফিরাত লাভের চেষ্টা করেন। এই পবিত্র রজনীতে এমন আমল করা উচিত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হয়।
বিএনপি চেয়ারম্যান বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত লাভ। বিশ্বাসী মুসলমানরা এই রাতে সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
বাণীর শেষাংশে তারেক রহমান বিশ্ব শান্তি, বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করার আহ্বান জানান। তিনি পবিত্র শবে বরাতের এই মহিমান্বিত রজনীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের অব্যাহত উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।