Skip to main content

Ridge Bangla

লোকসান কমলেও মুনাফায় ফিরতে পারেনি সিঙ্গার বাংলাদেশ

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ কমেছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৬ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২ টাকা ৫৫ পয়সা।

এর আগে, ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ওই বছরে কোম্পানিটির নিট লোকসান হয় ২২৪ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের হিসাব বছরের ৪৮ কোটি ৯৪ লাখ টাকার লোকসানের তুলনায় অনেক বেশি। একই সময়ে শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়ায় ২২ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে, ২০২৪ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৯১ পয়সা, যেখানে তার আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছিল ২৫ টাকা ৮১ পয়সা।

This post was viewed: 5

আরো পড়ুন